
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. শাহিন (২৭), মো. মেহেদী হাসান (২১) ও রফিকুল ইসলাম বাবু (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির ক-জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


























