
আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কার মধ্যেই উত্তর-পূর্ব সোমালিয়ার উপকূলে একটি ইরানি মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। ট্রলারটিতে ২১ ইরানি জেলে ও দুই সোমালি রক্ষীসহ মোট ২৩ জন ক্রু ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।
রোববার (১ নভেম্বর) ইরানের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে সশস্ত্র ব্যক্তিরা ‘আজিনি’ নামের ট্রলারটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। ঘটনাটি সোমালিয়ার বন্দর শহর বান্দার বেইলা থেকে প্রায় ১৮৫ নটিক্যাল মাইল পূর্বে ঘটে। প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ক্রুদের অবস্থা বা নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রটি।
পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ১২ জলদস্যু ট্রলারটি ও এর ২৩ ক্রুকে জিম্মি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘আজিনি’ ট্রলারটির গঠন অনেকটা সেই ধরনের নৌযানের মতো, যা সোমালি জলদস্যুরা সাধারণত ‘মাদার শিপ’ বা মূল জাহাজ হিসেবে ব্যবহার করে। ছোট নৌযান ছিনতাই করে সেগুলোকে ভ্রাম্যমাণ ঘাঁটি হিসেবে কাজে লাগিয়ে জলদস্যুরা উপকূল থেকে দূরে স্পিডবোট পাঠিয়ে বড় বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।
এমএসসিআইও জানিয়েছে, শনিবার নাগাদ ট্রলারটি আরও প্রায় ১১০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সরে গেছে। ফলে এটি ওই অঞ্চলের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথের কাছাকাছি চলে এসেছে। কেন্দ্রটি সতর্ক করেছে, জলদস্যুরা ট্রলারটিকে পরবর্তী অভিযানে ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহার করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে সোমালি জলদস্যুদের জাহাজ ছিনতাইয়ের তৎপরতা বেড়েছে। শুধু গ্রীষ্মকালেই তারা প্রায় ছয়টি জাহাজ দখল করেছে। এসব হামলার কয়েকটিতে প্রাণহানিও ঘটেছে।
চলতি বছরের সেপ্টেম্বরে ‘অনার ২৫’ নামের ছিনতাই হওয়া একটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের অভিযানে স্থানীয় পুলিশ ১৬ সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করে। তবে অভিযানের আগেই ট্যাংকারে গোলাগুলির ঘটনায় পাঁচ জিম্মি নিহত হয়েছিলেন।
























