
রাশেদ আহমদ, (মৌলভীবাজার) প্রতিনিধি,
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও সফলতার সনদ বিতরণ করা হয়েছে। এ ছাড়া আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কৃত করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রাজনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের ভবনের নিচতলার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম মোক্তাদির বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা জবা রানী।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান (দৈনিক ভোরের ডাক), প্রেসক্লাবের সদস্য জুয়েল আহমদ (দৈনিক বাংলাদেশ বুলেটিন) এবং সহযোগী সদস্য রাশেদ আহমেদ (দৈনিক আগামীর সময়)।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ জন যুবক-যুবতীর মধ্যে মোট ১২ লাখ ৬০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফলতার সনদ বিতরণ, আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কৃত করা হয়। এ সময় বিভিন্ন জাতের ফলের গাছের চারাও বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের বিপুলসংখ্যক যুবক-যুবতীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে জাতীয় উন্নয়ন আরও গতিশীল হবে। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে। আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশ গঠনেও তরুণদের এগিয়ে আসতে হবে।
























