
মোঃ আসিফুজ্জামান আসিফ,
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় একেএইচ (AKH) নামের একটি পোশাক কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। শ্রমিকদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
রোববার বিকেল ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
পুলিশ জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গতকাল থেকেই সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টার দিকে একেএইচ পোশাক কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানাটিতে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক দুটি অবরোধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকাল শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আজ সকালে এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে প্রবেশ করেন। পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে আজ আশুলিয়ার আরও ৪৮টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
























