
মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা প্রতিনিধি,
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি অনুরাগী মনোভাব পোষণ এবং ভূমি সেবা ও ভ্রাম্যমাণ অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় সহকারী ভূমি কর্মকর্তা অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শত শত সাধারণ মানুষ ও ভুক্তভোগী অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী ঠিকাদার আলমগীর হোসেন, মোঃ হামিদুর রহমান বিপু, সুজন মন্ডল, জাভেদ মিয়া, শাহ আলম মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রী রতন কুমার দত্ত সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই সাধারণ ভূমি মালিকরা নানাভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। সরকারি সেবামূলক কাজকে জিম্মি করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়া তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ রাজনৈতিক দলের বিভিন্ন কার্যক্রম ও মতাদর্শের প্রতি সহানুভূতিশীল থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ তোলেন বক্তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে এই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণ করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
























