
চট্টগ্রাম ব্যুরো,
শিশুদের পেটের ভেতর অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় মূলহোতা শারমিন আক্তার প্রকাশ ইসমত আরা (৪০)-কে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
একই সাথে অপরাধে ব্যবহৃত ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের পেট থেকে উদ্ধার করা হয়েছে ৬,৬১৫ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
র্যাব সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আনোয়ারা থানার সরকার হাটের নিকটবর্তী বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেসময় কক্সবাজারের উখিয়া থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা তল্লাশি করে অভিযুক্ত শারমিন আক্তারসহ ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করে যে, ধরাছোঁয়ার বাইরে থাকতে সে দুই শিশুর পেটে কৌশলে ইয়াবা ট্যাবলেট খাইয়ে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে শিশুদের পেটে প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। ৬ ও ৭ সেপ্টেম্বর চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুদের পেটে মলত্যাগের মাধ্যমে কসটেপে মোড়ানো মোট ১৩৩টি বিশেষ পোটলা থেকে ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শারমিন এর আগেও একইভাবে দুই শিশুর মাধ্যমে দু’বার কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিয়েছে। গ্রেপ্তারকৃত আসামি, হেফাজতে নেওয়া দুই শিশু এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

























