
জনি কান্ত শর্মা,
শুরুর ধাক্কা সামলে সিলেট টেস্টের প্রথম দিনটি নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখিয়েছেন আমির জ্যাঙ্গু ও কেভিন উইকহাম। উইকহামের অর্ধশতকের পর জ্যাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়েছে সফরকারীরা। তবে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন তৃতীয় সেশনে খেলা বন্ধ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান। ১৭১ বল মোকাবিলা করে ১১টি চার ও ২টি ছক্কায় ১১১ রান নিয়ে অপরাজিত ছিলেন আমির জ্যাঙ্গু। অন্য প্রান্তে জাস্টিন গ্রিভস ৬২ বলে ৩৫ রান করে ব্যাট করছিলেন। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে দলটি। মাত্র ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ১৪ রানে দ্বিতীয় এবং ২৭ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে।
ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে ব্র্যান্ডন কিং ১৮ বলে ৯, জশুয়া দা সিলভা ১৭ বলে ১২ এবং কাভেম হজ ১০ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।
প্রাথমিক বিপর্যয়ের পর দলের হাল ধরেন আমির জ্যাঙ্গু। তাঁকে সঙ্গ দেন কেভিন উইকহাম। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার ২৪৯ বল খেলে ১৩১ রানের জুটি গড়েন। তাঁদের দৃঢ়তায় প্রাথমিক চাপ কাটিয়ে বড় সংগ্রহের ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৫ বল মোকাবিলা করে ৫টি চারের সাহায্যে ৬১ রান করেন উইকহাম। হাসান মাহমুদের বলে তাঁর বিদায়ের মধ্য দিয়ে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ১৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদের ঝুলিতেও রয়েছে ২ উইকেট। তবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান এখন পর্যন্ত কোনো উইকেট পাননি।
বিকেল ৪টা ৮ মিনিটে আলোকস্বল্পতার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিকেল ৪টা ২৫ মিনিটে ফ্লাডলাইট জ্বালানো হলেও মাঠের উভয় প্রান্তে পর্যাপ্ত আলো নিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। ঢাকা টেস্টেও বিকেল ৪টার দিকে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল।
প্রথম দিনের লড়াই শেষে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য বড় সংগ্রহ গড়ার। অন্যদিকে বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ, দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে সফরকারীদের রান আটকে রাখা।


























