
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির অন্যতম ভিত্তি। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবার জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মানুষের শিক্ষার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে হবে।


























