
তৌহিদুল ইসলাম চঞ্চল,
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, আধুনিক স্যানিটেশন ব্যবস্থার সহজলভ্যতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তির সম্প্রসারণে লালমনিরহাটে সফলভাবে সম্পন্ন হলো দিনব্যাপী জেলা স্যানমার্কস সম্মেলন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকার ও ইউনিসেফের কারিগরি সহায়তায় আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার পাঁচটি উপজেলার সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং তৃণমূল পর্যায়ের ল্যাট্রিন উৎপাদক ক্ষুদ্র উদ্যোক্তাসহ মোট ৮০ জন প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় স্যানমার্কস প্রকল্পের সার্বিক অগ্রগতি, ঢাকায় গঠিত টেকনিক্যাল সাব-কমিটির সুপারিশমালা, প্রশাসনিক মঞ্জুরী আদেশ এবং বাজারভিত্তিক স্যানিটেশন ব্যবস্থার স্কেলিং রূপরেখা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।
সম্মেলনে ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে ইউনিসেফ ঢাকার ওয়াশ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট দীপক চন্দ্র রায় বলেন, “জলবায়ু সহনশীল আধুনিক প্রযুক্তি কেবল নথিপত্রে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রান্তিক মানুষের সাধ্যের মধ্যে তা পৌঁছে দেওয়াই আসল চ্যালেঞ্জ। উদ্যোক্তাদের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন সামগ্রীর টেকসই বাজার গড়ে তুলতে হবে।” ডিপিএইচই ঢাকা অফিসের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার বাবুল আখতার আচরণগত পরিবর্তন ও পণ্যের প্রাপ্যতার ওপর জোর দিয়ে বলেন, সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে স্যানমার্কস মডেল লালমনিরহাটকে সারা দেশে অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠিত করবে।
সভাপতির বক্তব্যে লালমনিরহাট ডিপিএইচই-এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, “সবার জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সাশ্রয়ী প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীতা দাস। আদিতমারী উপজেলা ডিপিএইচই কর্মকর্তা মোঃ রায়হান ইকবাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
























