
বাসস,
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন দেশের সামনে নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার তা বাস্তবায়নের চেষ্টা করছে।’
জুলাই সনদ নিয়ে চলমান মতপার্থক্য নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আন্দোলন অনেক হয়েছে। এখন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর অধিকার আদায়ে সহিংসতার পথে যেতে না হয়।’
সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জাতীয় স্বার্থে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা জরুরি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের মানসিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, দীর্ঘ ১৬ বছরের বিভিন্ন অনিয়ম ও অপকর্মের প্রভাব এত অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়।


























