
ফারহান ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি,
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হিলির হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকির পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন গুজব না ছড়ান। কোথাও কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানান। একই সঙ্গে পূজা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজা উদযাপনে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

























