
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার সদর থানায় দায়ের করা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, বহুল আলোচিত ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত সলিম উল্লাহ চকরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ঘেরাও করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানকালে গ্রেপ্তার সলিম উল্লাহর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার সলিম উল্লাহ দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের সমন্বয়ক হিসেবে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুড়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে। তার মায়ের নাম সুফিয়া খাতুন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। মাদক পাচার প্রতিরোধ ও অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আইনগতভাবে, মামলার অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামি নির্দোষ বলে গণ্য হওয়ার অধিকার রাখেন।

























