
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। জেলা প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বিজিবির।
বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সচেতনতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

























