
আরিফ আহমেদ,
দেশের পরীক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের ঝুঁকি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র ছাপিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর পরিবর্তে সংশ্লিষ্ট উপজেলাতেই প্রশ্নপত্র প্রিন্ট করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৬ নভেম্বর সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫- ২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, মেধাবীদের কোনো ভিসা লাগেনা। তারা গ্লোবাল সিটিজেন। আর এই গ্লোবাল সিটিজেন হতে হলে আমাদের গ্লোবাল প্রতিযোগিতায় টিকে থাকতেই হবে।
এসময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।
এসময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তার বক্তব্যে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুলসংলগ্ন কড়াপুরের ডেফুলিয়া মৌজার একটি ঐতিহাসিক স্থানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশালের এই ৫০ একর সরকারি খাসজমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেখানে একটি নিমগাছ লাগানো হয়, সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে ঐ সময় তিনিও দেশনেত্রীর পাশে ছিলেন। ওই স্থানটি বেগম জিয়ার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। সেখানে তাঁর স্মরণে ( বেগম খালেদা জিয়ার স্মরণে) একটি সরকারি প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানান বিসিসি প্রশাসক।
বিলকিস আক্তার জাহান শিরীনের দাবির প্রতি সম্মান জানিয়ে শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য আরও ৫০ একর জমির ব্যবস্থা করতে বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে দায়িত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের বাকি দাবি-দাওয়া পূরণের বিষয়ে তিনি বলেন, এসব দাবি নিয়ে ওরিয়েন্টেশন বক্তা এবং ইউট্যাবের মহাসচিবই যথেষ্ট।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা ও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা রয়েছে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল, দক্ষ ও সমস্যা সমাধানে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তার মতে, শিক্ষার মূল উদ্দেশ্য হবে জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগের সক্ষমতা তৈরি করা।
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা, বিজ্ঞান ও উদ্ভাবন খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে হিট (HEAT) প্রকল্পের মাধ্যমে গবেষণায় অর্থ বরাদ্দের বিষয়টি উল্লেখ করে বরিশাল বিশ্ববিদ্যালয়কেও গবেষণার সুযোগ সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার ওপরও গুরুত্ব দেন মিলন।
এছাড়া দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রবর্তন এবং উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা আনার পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তার মাধ্যমে ঝরে পড়া রোধে সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন বক্তা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মশৃঙ্খলা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দাবি-দাওয়ার বিষয়গুলো তুলে ধরেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন জাতীয় পর্যায়ে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা উঠে এসেছে, অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণে নতুন জমি সংস্থানের উদ্যোগ দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

























