
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। ব্যবস্থাপনাগত জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চ শুধু ট্রেনে যাতায়াতের কর্মসূচি নয়। বিভিন্ন স্থানে মানুষের ওঠানামা, বক্তব্য ও জনসমাগমের বিষয় রয়েছে। এ জন্য ট্রেনকে একাধিক স্থানে থামতে হবে। আবার কোথাও কোথাও রেলপথ সিঙ্গেল লাইন হওয়ায় পুরো আয়োজনের ব্যবস্থাপনা জটিল হয়ে পড়বে। সবকিছু বিবেচনায় নিয়ে ২১ নভেম্বর ট্রেনযোগে লংমার্চ করা সম্ভব নয় বলে মনে করছে জোট।
তিনি জানান, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প উপায়ে কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতির এখনো প্রত্যাশিত উন্নতি হয়নি। জনগণের প্রত্যাশা ও অধিকার, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। সংস্কার পরিষদ গঠন না করে সংশোধনের পথে এগিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা সংকটের সমাধান করবে না বলেও মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য আগে থেকেই সোচ্চার ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি পালন করা হবে এবং এ ক্ষেত্রে ১১ দলীয় ঐক্য নেতৃত্ব দেবে।


























