
শওকত আলম, কক্সবাজার,
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজন করতে যাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্নিভালের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে জানানো হয়, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডকে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ৩৫ একর সৈকত ও ঝাউবন এলাকায় আয়োজিত এ কার্নিভাল পর্যটকদের জন্য হবে বিনোদন, সংস্কৃতি, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের এক ব্যতিক্রমী মিলনমেলা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পর্যটকদের নানা অভিজ্ঞতা উপহার দিতে পুরো কার্নিভাল প্রাঙ্গণকে ১৫টি বিশেষ জোনে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েলনেস জোন, এক্সপেরিয়েন্স জোন, ক্যাম্পিং জোন, ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোন, মার্কেট জোন, এক্সিবিশন জোন, গেমিং জোন, কিডস জোন, ফুড জোন, গো-কার্ট ও স্পোর্টস জোন, অ্যাম্ফিথিয়েটার, বালু ভাস্কর্য, চিত্রকর্ম এবং সি-ভিউ বারবিকিউ জোন।
শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য থাকবে ওয়েলনেস জোন। সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের অভিজ্ঞতা নিতে পর্যটকদের জন্য রাখা হয়েছে বিশেষ ক্যাম্পিং ব্যবস্থা। উন্মুক্ত মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা উপভোগের সুযোগ থাকবে ওপেন থিয়েটার জোনে। পাশাপাশি ওপেন লাইব্রেরিতে বই পড়ার পাশাপাশি টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করতে পারবেন দর্শনার্থীরা।
কেনাকাটার জন্য মার্কেট জোনে থাকবে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার। এক্সিবিশন জোনে প্রদর্শিত হবে বিভিন্ন শিল্পকর্ম ও পর্যটনসংশ্লিষ্ট সামগ্রী। আধুনিক গেমিং সুবিধা নিয়ে সাজানো হবে গেমিং জোন। শিশুদের জন্য থাকবে আলাদা কিডস জোন। অন্যদিকে ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারসহ দেশি-বিদেশি নানা পদের স্বাদ নিতে পারবেন পর্যটকরা।
রোমাঞ্চপ্রেমীদের জন্য গো-কার্টিং ও বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকছে গো-কার্ট ও স্পোর্টস জোনে। অ্যাম্ফিথিয়েটারে দেশীয় সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পরিবেশনা তুলে ধরা হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি দৃষ্টিনন্দন বালুশিল্প প্রদর্শিত হবে। চিত্রকর্ম জোনে স্থান পাবে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম। এছাড়া সৈকত প্রাঙ্গণে সি-ভিউ বারবিকিউ জোনে থাকবে সরাসরি খাবার তৈরির আয়োজন। হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশেও পর্যটকদের জন্য রাখা হয়েছে নানা দৃষ্টিনন্দন ও বিনোদনমূলক আয়োজন।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কার্নিভালে লাইভ কনসার্ট, ওপেন-এয়ার থিয়েটার, চলচ্চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক মানের বালুশিল্প, লাইভ আর্ট, ফটো গ্যালারি, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), সার্কাস, কায়াকিং, বাঞ্জি জাম্পিং, মিনি-গলফ, বিচ ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ২০টির বেশি বিনোদনমূলক কার্যক্রম রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মহান বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনও থাকবে।
কার্নিভালের টিকিটিং ও প্রবেশ ব্যবস্থাপনায় টিকিফাই লিমিটেডকে এক্সক্লুসিভ অনলাইন পার্টনার হিসেবে যুক্ত করার কথাও জানানো হয়েছিল। নির্ধারিত মূল্য অনুযায়ী, সাধারণ প্রবেশ টিকিটের দাম ২০০ টাকা এবং একই দিনে একাধিকবার প্রবেশের পাসের মূল্য ৫০০ টাকা। তবে বিশেষ কিছু বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করতে আলাদা টিকিটের প্রয়োজন হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণমাত্রায় কার্নিভালের কার্যক্রম শুরু হবে। এ আয়োজনের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের অবস্থানকাল বাড়বে বলে আশা করছেন তারা। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট সেবাদানকারীদের জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে।
কার্নিভাল সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। এছাড়া করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























