
মাহবুবুর রহমান (শান্ত),
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
আজ (১৫ নভেম্বর) শাহবাগে অবস্থান নিয়ে নিজেদের দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবাদ জানান তারা। এ সময় নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও ৯ হাজার ৮৪২ জন প্রার্থী এখনো নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত নিয়োগ পাচ্ছেন না।
তারা আরও বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়া অত্যন্ত হতাশাজনক। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে চাই। দ্রুত নিয়োগের ব্যবস্থা করে আমাদের অনিশ্চয়তা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ নিশ্চিত করার দাবি জানান।

























