
এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,
খুলনার পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনিরুজ্জামান মোড়ল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মোঃ গফফার মোড়লের ছেলে মোঃ মনিরুজ্জামান মোড়লের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজতে থাকা ৬০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি নীল রঙের জিপারযুক্ত ব্যাগে রাখা ছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে, মামলা নং- ৯/১১।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পাইকগাছা থানা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























