
বিনোদন ডেস্ক,
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য সুখবর। চলতি বছরের বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘কিং’ বাংলাদেশে আমদানির উদ্যোগ নিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন দেশের বাইরে অবস্থান করলেও মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ‘কিং’ বাংলাদেশে মুক্তির সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা। ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানির প্রক্রিয়া চলছে। জানা গেছে, শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’।
সবকিছু ঠিক থাকলে বড়দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যেতে পারে শাহরুখের ‘কিং’। তবে সিনেমাটির মুক্তি এখনো মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

























