
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার রামু চৌমুহনী স্টেশন বাজার ও চেরাংঘাটা বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল রামু থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























