
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় ছয় বছর ধরে সরকারি পানির পাম্প বন্ধ থাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত পাম্পটি চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম অভিযোগ করেন, এসিআই মিলের কারণে এলাকার সাধারণ মানুষ পানির সংকটে পড়েছেন। মিল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের যোগসাজশে সরকারি পানির পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাম্প মেরামতের কথা বলে মোটর সরিয়ে নেওয়া হলেও সেটি কোথায় রাখা হয়েছে, তার কোনো হদিস পাওয়া যায়নি। সরকারি মোটরটি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ছয় বছর ধরে পাম্পটি বন্ধ থাকায় এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নারীরা পানির সংকটের ভয়াবহতা তুলে ধরে বলেন, পানির অভাবে নিয়মিত গোসলসহ দৈনন্দিন গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। এমনকি খাবার পানির জন্যও তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা।
কর্মসূচি শেষে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সরকারি পাম্পটি পুনরায় চালু করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

























