
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে নদীতে ভাসমান চারটি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

























