
আরিফ আহমেদ,
১৯টি বছর কেটে গেছে, তবুও কাটেনি প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতার স্মৃতি। তার ওপর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্কে আজও নির্ঘুম রাত কাটে উপকূলীয় এলাকার মানুষের। বিশেষ করে, বরগুনার পাথরঘাটা, নলটোনা ও নদী তীরবর্তী জনপদের মানুষের কাছে সিডর এখনো এক দুঃস্বপ্নের নাম। আকাশে মেঘ দেখলেই কিংবা সাগরে নিম্নচাপের খবর পেলেই তাদের মনে জেগে ওঠে ২০০৭ সালের সেই ভয়াল রাতের স্মৃতি। স্বজন হারানোর বেদনা, নিখোঁজ পরিবারের সদস্যদের মৃত্যুসনদ না পাওয়া, বাস্তুচ্যুতি এবং জীবিকার অনিশ্চয়তা, সব মিলিয়ে ১৯ বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তাদের অনেক পরিবার।
২০০৭ সালের ১৫ নভেম্বর। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া ও কোনো কোনো এলাকায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মুহূর্তেই বদলে যায় দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদের চিত্র। নদী-খাল উপচে লোকালয়ে ঢুকে পড়ে পানি। ভেঙে যায় বেড়িবাঁধ, মাটিতে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় রাস্তাঘাট ও বিদ্যুৎ-যোগাযোগব্যবস্থা। পরদিন সকালে উপকূলের বহু এলাকায় দেখা যায় ধ্বংসস্তূপ, আর্তনাদ আর স্বজন হারানোর শোক।
সিডরের ১৯ বছর পরও বরগুনার উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার ২২টি পোল্ডারের অধীনে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৭২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে পাথরঘাটায় রয়েছে ১৮ কিলোমিটার। পায়রা ও বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বহু পরিবার নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। কোথাও বাঁধের ঢাল ভেঙে যাচ্ছে, কোথাও নদী গিলে খাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। স্থায়ী সমাধানের অভাবে অনেক পরিবার এখনো বেড়িবাঁধের ঢালে কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে। পটুয়াখালীর মির্জাগঞ্জের চরখালী-গোলখালী, লোহালিয়া, পায়রাগঞ্জ ও লাউকাঠীসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী সংস্কারও পুরোপুরি সম্পন্ন হয়নি। সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হচ্ছে, সিডরে নিখোঁজ হওয়া স্বজনদের জন্য আজও অপেক্ষা করছেন বহু পরিবারের সদস্যরা। গত ১৫ নভেম্বর একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুধু পাথরঘাটাতেই সিডরে নিখোঁজ ৯১ জন জেলে। তাদের স্ত্রী, সন্তান ও স্বজনেরা আজও জানেন না প্রিয় মানুষটি বেঁচে আছেন, নাকি সাগরের পানিতে চিরতরে হারিয়ে গেছেন। নিখোঁজ জেলেদের মৃত্যুসনদ না থাকায় জমিজমা সংক্রান্ত জটিলতার পাশাপাশি সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়ছেন এই পরিবারগুলো।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পাথরঘাটার মাঝি নেতা দুলাল মাস্টার নিখোঁজ জেলেদের পরিবারগুলোর দুর্দশার বিষয়টি তুলে ধরে জানান, বছরের পর বছর স্বজনের কোনো সন্ধান না পেলেও পরিবারগুলোকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। নিখোঁজ হওয়ার এক থেকে পাঁচ বছরের মধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে স্ত্রী-সন্তান ও স্বজনেরা সরকারি সুযোগ-সুবিধা, আর্থিক সহায়তা এবং উত্তরাধিকার সংক্রান্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে জীবনের প্রয়োজনীয় অধিকার আদায়ের লড়াই- দুই সংকটেই অসহায় এসব পরিবার।
এমন বাস্তবতার প্রমাণ পাওয়া গেছে ২০২০ সালের ১৫ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেও। সেখানে নিখোঁজ জেলেদের মৃত্যুসনদ না পাওয়ায় পরিবারগুলোর জমির রেকর্ড সংশোধন ও উত্তরাধিকার সংক্রান্ত জটিলতার কথা উঠে আসে। অন্যদিকে পাথরঘাটার নিখোঁজ জেলেদের তথ্য সংগ্রহ করে স্মৃতিফলক নির্মাণ এবং তাদের পরিবারের জন্য রেশন, আর্থিক সহায়তা ও জমিজমা সংক্রান্ত সনদের প্রস্তাব পাঠানোর বিষয়টিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, সিডরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে এই বরগুনায়। জেলাটিতে প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন, নিখোঁজ হন ১৫৬ জন। ক্ষতিগ্রস্ত হয় ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার। আর সম্পূর্ণ গৃহহীন হয়ে যায় ৭৭ হাজার ৭৫৪টি পরিবার। একক উপজেলা হিসেবে বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ প্রাণহানি ঘটে। সরকারি হিসাবে সেখানে মারা যান ৯০৮ জন। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা ও বাউফল এবং পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন ধ্বংস হয়ে যায়।
সিডরের আঘাতে শুধু বসতবাড়ি নয়, বিপর্যস্ত হয়েছিল কৃষি ও মৎস্য খাতও। জলোচ্ছ্বাসে ফসলি জমিতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় দীর্ঘদিন কৃষি উৎপাদন ব্যাহত হয়। মাছ ধরার ট্রলার, জাল ও অন্যান্য সরঞ্জাম হারিয়ে বহু জেলে পরিবার নিঃস্ব হয়ে পড়ে। গবাদিপশু ও হাঁস-মুরগি মারা যায় বিপুলসংখ্যক। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনেরও প্রায় এক-চতুর্থাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুবলারচর ও সংলগ্ন নদী-খালে মাছ ধরতে যাওয়া বহু জেলে প্রাণ হারান কিংবা নিখোঁজ হন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জাতীয় পরিকল্পনার তথ্য অনুযায়ী, সিডরে সারাদেশে ৫ লাখ ৬৩ হাজার ৮৭৭টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৯ লাখ ৫৫ হাজার ৬৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী সময়ে সরকারি- বেসরকারি বিভিন্ন উদ্যোগে ঘর নির্মাণ, নগদ অর্থ, কৃষি উপকরণ ও মাছ ধরার সরঞ্জাম দিয়ে সহায়তা করা হলেও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়। বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রাণহানির পরিসংখ্যানে কিছু পার্থক্য থাকলেও সিডরের ভয়াবহতা ও দীর্ঘস্থায়ী ক্ষতির ব্যাপারে কোনো সংশয় নেই।
দীর্ঘ ১৯ বছর পরও উপকূলবাসীর প্রধান দাবি টেকসই ও উঁচু বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিখোঁজ জেলেদের পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। তারা আর অস্থায়ী মাটির বাঁধ কিংবা দুর্যোগের পর সাময়িক ত্রাণ চান না। চান ব্লক দিয়ে নির্মিত স্থায়ী বেড়িবাঁধ, নিরাপদ বসতি এবং স্বজন হারানো পরিবারগুলোর অধিকার প্রতিষ্ঠা।
১৫ নভেম্বর আবারও ফিরে এসেছে সেই ভয়াল সিডরের স্মরণীয় দিন। কোথাও দোয়া-মোনাজাত, কোথাও কবর জিয়ারতের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে স্বজন হারানো মানুষদের। কিন্তু উপকূলের মানুষের প্রশ্ন, ১৯ বছরেও যদি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের স্থায়ী সমাধান না হয়, নিখোঁজ স্বজনদের পরিবার যদি মৃত্যুসনদ ও প্রাপ্য সুযোগ-সুবিধা না পায়, তাহলে তাদের অপেক্ষার অবসান ঘটবে কবে? সিডরের ক্ষত কি শুধু স্মরণসভা আর বার্ষিকীতে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে?

























