
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার করতে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত সেলের সদস্য, ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, নগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে রক্ষা করা সিটি করপোরেশনের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিটি ওয়ার্ডের প্রতিরোধ সেলকে আরও সক্রিয় হতে হবে। নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের নিরলসভাবে কাজ করতে হবে। এ কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম ও নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।
প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ওয়ার্ড পর্যায়ে জমে থাকা পানি অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সিটি করপোরেশনের টিম সার্বক্ষণিক তদারকি করছে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রেখে এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
সভায় সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে চলমান মশক নিধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওয়ার্ড সচিব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং মশাবাহিত রোগ প্রতিরোধ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

























