
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরে মহাসড়ক থেকে শুরু করে গ্রামীণ সড়ক—সবখানেই দিন-রাত অবাধে চলাচল করছে ১০ চাকার ভারী ড্রাম ট্রাক। এসব ট্রাকে খোলামেলাভাবে মাটি ও বালু পরিবহনের কারণে একদিকে সড়কজুড়ে ধুলার বিস্তার ঘটছে, অন্যদিকে অতিরিক্ত ভারে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো। এতে জনসাধারণের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুরের বিভিন্ন সড়কে দিন ও রাতের বিভিন্ন সময়ে এসব ভারী ড্রাম ট্রাকে মাটি ও বালু পরিবহন করা হচ্ছে। ট্রাকগুলোতে ঢেকে না রেখে খোলামেলাভাবে বালু বহনের ফলে চলন্ত অবস্থায় বাতাসে বালু ও ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে সড়কের আশপাশের পরিবেশ ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ছে। বিশেষ করে মোটরসাইকেলচালকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলার কারণে সামনের পথ স্পষ্ট দেখা না যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
অন্যদিকে, ধারণক্ষমতার অতিরিক্ত মাটি ও বালু বহনের ফলে গ্রামীণ সড়কগুলোতে পড়ছে বাড়তি চাপ। যে সড়কগুলো সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের জন্য নির্মিত, সেগুলো দিয়ে ভারী ১০ চাকার ট্রাক চলাচলের কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াতও বিঘ্নিত হচ্ছে।
এ পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের আশঙ্কা, এভাবে ভারী যানবাহনের অবাধ চলাচল অব্যাহত থাকলে গ্রামীণ সড়কগুলো দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। পাশাপাশি ধুলাবালি ও অনিরাপদ পরিবহনের কারণে বাড়তে পারে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।
মধুপুরের সুধীমহল মনে করছেন, জনস্বার্থ ও সড়কের স্থায়িত্ব রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাঁরা গ্রামীণ সড়কে এসব ভারী ড্রাম ট্রাকের চলাচল নিয়ন্ত্রণ, অতিরিক্ত মাটি-বালু পরিবহন বন্ধ এবং বালু-মাটি ঢেকে নিরাপদভাবে পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁদের দাবি, জননিরাপত্তা ও সড়ক রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

























