
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতা—এই তিন মানদণ্ডেই নির্ধারিত হবে বাংলাদেশ পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ। কোনো ধরনের তদবির, সুপারিশ কিংবা আর্থিক লেনদেনের সুযোগ থাকবে না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) থেকে নেত্রকোনায় শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময় প্রার্থীদের শারীরিক উচ্চতা ও অন্যান্য মাপ যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হবে।
নিয়োগ কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নমুক্ত রাখতে রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোনা পুলিশ লাইন্সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই হবে চূড়ান্ত বিবেচ্য বিষয়। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের মতো একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে যোগ্য, মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থী বাছাই করতে হবে। নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে, কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের সদস্যদের পাশাপাশি বাইরের জেলার কর্মকর্তারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা পুলিশের এমন ঘোষণায় নিয়োগপ্রত্যাশী তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, ঘোষিত নীতিমালার যথাযথ বাস্তবায়ন হলে কোনো প্রকার তদবির কিংবা আর্থিক প্রভাব ছাড়াই প্রকৃত যোগ্য প্রার্থীরা পুলিশ বাহিনীতে চাকরির সুযোগ পাবেন।
সব মিলিয়ে নেত্রকোনায় কনস্টেবল নিয়োগ ঘিরে জেলা পুলিশের বার্তা স্পষ্ট—চাকরি পেতে অর্থ নয়, প্রয়োজন মেধা, যোগ্যতা ও সক্ষমতা। এখন নিয়োগের প্রতিটি ধাপে এই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন কতটা নিশ্চিত হয়, সেটিই দেখার অপেক্ষা।

























