
চট্টগ্রাম প্রতিনিধি,
শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। রবিবার (১৫ নভেম্বর) সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে ‘চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোড’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এক্সেস রোড’ নামকরণের অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী। আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জুলাই যুদ্ধে সামনে থেকে লড়াই করেছেন। দেশ ও জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় ও সাহসী। বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে তিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর কোর্ট অঙ্গনে ফ্যাসিবাদের সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত হন সাইফুল ইসলাম আলিফ। তাঁর স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে বাকলিয়া এক্সেস রোডটি তাঁর নামে নামকরণ করা সময়ের দাবি।
স্মারকলিপিতে বলা হয়, সিডিএ নির্মিত এই সড়কটি চট্টগ্রাম মহানগরীর যোগাযোগব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির নামকরণ করা হলে তা তাঁর প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একজন শহীদ আইনজীবীর সাহসিকতা, আত্মত্যাগ ও অবদানের ইতিহাস তুলে ধরবে।
প্রতিনিধি দলের বক্তব্য শোনেন সিডিএ চেয়ারম্যান এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ ও অ্যাডভোকেট সাদিয়া খানসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতারা।

























