
আরিফ আহমেদ,
বরিশালের কীর্তনখোলা নদীতীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কের জেটিতে অপেক্ষমাণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন বিকট শব্দে ভেঙে পড়েছে। ক্রেনটি ভেঙে পার্শ্ববর্তী হাউজবোটের ওপর পড়লে বোটটি ভয়াবহ ক্ষতির শিকার হয়। এ সময় ক্রেনের নিয়ন্ত্রণ ইঞ্জিন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান ক্রেন অপারেটর ইউনুস সিকদার। ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারসহ বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১১ নভেম্বর বুধবার সকাল ৯টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ও নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, সাপ্তাহিক মহড়ার প্রস্তুতি নেওয়ার সময় সকাল সোয়া নটার দিকে মেশিন চালু করতেই ক্রেনের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। এ সময় ব্রেক করাও অসম্ভব হয়ে পড়ে। ফলে ক্রেনটি নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না। একপর্যায়ে ক্রেনের নিয়ন্ত্রণ ইঞ্জিনও চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আতঙ্কিত হয়ে ক্রেন অপারেটর ইউনুস সিকাদ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, কী ঘটেছে এবং কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হবে। কেউ আহত হয়নি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। তবে এ ঘটনায় বড় ধরনের ঝুঁকি ছিল, তা স্পষ্ট।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও রুস্তম বরিশালের পথে যাত্রা করেছে। হাউজবোটের ওপর পড়ে থাকা ক্রেনটি অপসারণে এই দুটি জাহাজসহ আরও সহযোগিতার প্রয়োজন হতে পারে।
বরিশাল নৌবন্দরের মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন এ অংশে সাধারণত দুটি উদ্ধারকারী জাহাজ অবস্থান করে। এর একটি বড় এবং অন্যটি ছোট। জাহাজ দুটির নাবিক ও ক্রুদের থাকার জন্য পাশেই রয়েছে আবাসিক সুবিধাসম্পন্ন হাউজবোট। এতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০টি কেবিন রয়েছে। নির্ভীকের ক্রেনটি গোড়া থেকে ভেঙে এবং চেইনচ্যুত হয়ে ওই হাউজবোটের ওপর পড়ে। দুর্ঘটনার সময় নাবিক ও ক্রুরা মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় হাউজবোটটি ফাঁকা ছিল। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হুসাইন।
বিআইডব্লিউটিএর নির্ভীক দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক উদ্ধারকারী নৌযান। নির্ভীক ও প্রত্যয় ২০১৩ সালের এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে আনা হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের আগস্ট মাসে তৎকালীন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটির উদ্বোধন করেন। নির্ভীক জাহাজটির ক্রেনের সর্বোচ্চ উত্তোলনক্ষমতা ২৫০ মেট্রিক টন। অর্থাৎ বড় আকারের ডুবে যাওয়া নৌযান উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। অথচ সেই ক্রেনই এভাবে ভেঙে পড়ায় জাহাজটির রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক নিরাপত্তা ও নিয়মিত পরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্ভীক ও এর যমজ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দক্ষিণ কোরিয়া থেকে যৌথভাবে প্রায় ৩৫৬ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল। সে হিসাবে প্রতিটি জাহাজের ক্রয়মূল্য প্রায় ১৭৮ কোটি টাকা।
দেশের নৌপথে বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌপরিবহন ব্যবস্থায় জরুরি সহায়তা দেওয়ার জন্য এ ধরনের অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করা হয়েছিল। সেই বিবেচনায় প্রায় ১৭৮ কোটি টাকা মূল্যের নির্ভীকের গুরুত্বপূর্ণ ক্রেন ভেঙে পড়ার ঘটনা শুধু একটি যান্ত্রিক দুর্ঘটনা নয়, বরং সরকারি বিপুল বিনিয়োগে কেনা উদ্ধার সরঞ্জামের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।
এ দুর্ঘটনায় হাউজবোটের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ভেঙে পড়া ক্রেনটি নিরাপদে অপসারণ, হাউজবোটের ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং নির্ভীকের ক্রেন ও নিয়ন্ত্রণব্যবস্থা সচল করতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা তদন্ত ও কারিগরি মূল্যায়নের পর জানা যাবে বলে জানিয়েছেন নৌ বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ, যন্ত্রাংশের ত্রুটি, রক্ষণাবেক্ষণে কোনো ঘাটতি ছিল কি না এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে ত্রুটি শনাক্তের সুযোগ ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।

























