
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বিশ্ব ডাক দিবস ২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর বিভিন্ন পর্যায়ের ছয় প্রতিনিধিকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। দেশজুড়ে ডাক ও ডিজিটাল আর্থিক সেবার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ডিস্ট্রিবিউটর, উদ্যোক্তা ও নগদ সেবা—এই তিন ক্যাটাগরিতে প্রতিনিধিরা পুরস্কার পান।
ডিস্ট্রিবিউটর ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন পঞ্চগড়ের এইচ. টি. এন্টারপ্রাইজের মো. সাইদুজ্জামান শিপলু এবং আইডিয়াল কানেকশনের নবনীত সাহা। উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নেত্রকোনার রনি টেলিকমের মো. রনি মিয়া ও কক্সবাজারের নাজিম কম্পিউটারের নাজিম উদ্দিন। নগদ সেবা প্রতিনিধি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মুশফিকুল ইসলাম ভূঁইয়া ও বগুড়ার মো. ইমরান হক দিহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘নগদ ডাক বিভাগকে প্রফিট দিচ্ছে, কিছুদিন আগে আমাদেরকে ১৮ কোটি টাকা লাভ দিয়েছে। সুতরাং নগদকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা।’


























