
বিনোদন ডেস্ক,
মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে বিমানে যাত্রী ও ক্রুদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণের অভিযোগ ওঠে ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটি পুলিশ বিভাগ এ তথ্য জানায়। এর আগে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট আহত হয়েছেন। তাঁদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তা এবং হাসপাতালে এক নার্সকে লাথি মারার অভিযোগও উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।
তবে সেলমার এক প্রতিনিধি জানিয়েছেন, বিমানে থাকাকালে তাঁর জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল। এর জেরেই এমন আচরণ করেন তিনি বলে দাবি প্রতিনিধির।
‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ‘হেলবয়’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত সেলমা ব্লেয়ার ২০১৮ সালে নিজের মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান।


























