
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র হাজারো নেতাকর্মী। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১২ অক্টোবর) ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী নেতারা অংশ নেন। কনস্টিটিউশন ক্লাব থেকে শুরু হওয়া পদযাত্রায় বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যান। এ সময় রাজধানীজুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।
রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে পরিবর্তন, সংবিধান সুরক্ষা ও নির্বাচনি ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে তিনি নির্বাচনসংক্রান্ত অভিযোগের জন্য তাঁকে দায়ী করেন।
বিরোধী নেতারা জানিয়েছেন, তাঁরা ভারতের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছেন এবং সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিক পিটিশন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তবে নির্বাচনসংক্রান্ত অভিযোগগুলোর বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।


























