
বিনোদন ডেস্ক,
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি দুর্ঘটনায় পড়ার খবর ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। প্রথমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কথা জানালেও কয়েক ঘণ্টা পরই তিনি দাবি করেন, তাঁর কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেনি।
শনিবার (১০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
অভিনেত্রীর এই পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। তবে কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্ট দিয়ে আগের খবর নিয়ে তৈরি হওয়া আলোচনার জবাব দেন তিশা।
দ্বিতীয় পোস্টে রসিকতার সুরে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’
তানজিন তিশার পরপর দুই পোস্টের কারণে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য দেখা যায়। কেউ তাঁর প্রথম পোস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আবার কেউ দ্বিতীয় পোস্টের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। তবে দুর্ঘটনার বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অভিনেত্রীর প্রথম পোস্ট ও পরবর্তী বক্তব্যের কারণে দুর্ঘটনার খবর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে তাঁর দ্বিতীয় পোস্ট অনুযায়ী, গাড়ি দুর্ঘটনার খবরটি সঠিক নয়।


























