
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে ব্যবসা পরিচালনা সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, জাহাজ পুনর্ব্যবহার শিল্প ও টয়োটা ব্র্যান্ডের গাড়ি নির্মাণসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ), পাটশিল্পের বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ও উঠে আসে।
মারুবেনি করপোরেশনের সিইও বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। সার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবহার প্রযুক্তিতেও আগ্রহ দেখায় প্রতিষ্ঠানটি।
বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদনমুখী শিল্পের বিকাশে জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলোকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে।


























