
আন্তর্জাতিক ডেস্ক,
ফিলিস্তিনের সমর্থনে কথা বলা র্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ম্যাকলেমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে এড শিরানের ট্যুরের চার উদ্বোধনী শিল্পী শো থেকে সরে দাঁড়ান। ফলে শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে একাই পারফর্ম করেন এড শিরান।
এরই মধ্যে গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন এড শিরান। একই সঙ্গে ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না বলেও জানিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত ৫ সেপ্টেম্বর। নিউ জার্সির এক অনুষ্ঠানে ম্যাকলেমোর ‘ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এরপরই তাকে এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে ম্যাকলেমোরকে সমর্থন জানিয়ে গাজায় একটি দেয়ালে তার বিশাল ছবি আঁকেন ফিলিস্তিনি শিল্পীরা। ছবির পাশে লেখা হয়—ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য ম্যাকলেমোরকে ধন্যবাদ।

























