
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে বাজালিয়ার জমজম হোটেলের মালিক হারুনুর রশিদকে ২০ হাজার টাকা, ফুলকলি বাজালিয়া শাখার মালিক মোহাম্মদ ইসমাঈলকে ১০ হাজার টাকা, শতরূপা স্টিলের মালিক দীপক বিশ্বাসকে ১০ হাজার টাকা, রাণী ফার্নিচার মার্টের মালিক বাসু কান্তি দাশকে ১০ হাজার টাকা এবং শাহ্ মজিদিয়া রশিদিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তমজিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কেঁওচিয়ার মাদারবাড়ি এলাকার চিশতিয়া ফুডসের মালিক দিন ইসলামকে ০৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, একই অভিযানে বাজালিয়ার হলুদিয়া এলাকার রাজধানী বেকারি, ছদাহার রফিক চানাচুর ও মধুমেলা মিষ্টি মুড়ি এবং মাদারবাড়ির দয়াল বেকারি ও চিটাগাং বেকারি সিলগালা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ জানান, জনস্বার্থ রক্ষা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























