
জনি কান্ত শর্মা, সিলেট,
সিলেট নগরীর অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ খেলার মাঠ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। প্রতিদিন ভোর থেকেই শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর থাকে মাঠটি। ফুটবল ও ক্রিকেটের উচ্ছ্বাসে যেখানে ছড়িয়ে পড়ে প্রাণের স্পন্দন, সেখানে মাঠের বিভিন্ন অংশ এখন পরিণত হয়েছে মলমূত্র ত্যাগের স্থানে। রিকশাচালক, পথচারী ও আশ্রয়হীন কিছু মানুষের অবাধ ব্যবহারে ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে মাঠের পরিবেশ। ছড়াচ্ছে দুর্গন্ধ, জমছে ময়লা-আবর্জনা। অবহেলা ও অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী এই মাঠটি খেলাধুলার উপযোগিতা হারানোর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মাঠটির এমন পরিস্থিতির পেছনে রয়েছে এর বহুমুখী ব্যবহার এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব। খেলাধুলার পাশাপাশি রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। বড় বড় অনুষ্ঠান ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটে মাঠটিতে। কিন্তু এসব আয়োজনের পর মাঠের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে যথাযথ উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটের সঙ্গে যুক্ত হয়েছে মলমূত্র ত্যাগের কারণে সৃষ্ট দূষণ।
স্থানীয়দের অভিযোগ, মাঠের বিভিন্ন অংশে পর্যাপ্ত নজরদারি না থাকায় অনেকে এটিকে মলমূত্র ত্যাগের স্থান হিসেবে ব্যবহার করছেন। এর সঙ্গে পর্যাপ্ত গণশৌচাগারের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যে মাঠ শিশু-কিশোরদের খেলাধুলা ও শারীরিক বিকাশের অন্যতম জায়গা হওয়ার কথা, সেখানে তাদের চলাচল করতে হচ্ছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে।
মাঠের এক পাশে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার, অন্য পাশে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। নগরীর গুরুত্বপূর্ণ দুটি স্থাপনার পাশে অবস্থিত মাঠটির এমন দুরবস্থা পরিবেশ ও নগরীর সৌন্দর্য নিয়েও প্রশ্ন তুলছে। অথচ সিলেট নগরীতে খেলার মাঠের সংখ্যা এমনিতেই হাতেগোনা। বিদ্যমান মাঠগুলোর মধ্যে অন্যতম এই মাঠটি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে।
নিয়মিত খেলতে আসা ক্রীড়াপ্রেমীদের দাবি, মাঠটি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাঠের নিরাপত্তা নিশ্চিত করা, মলমূত্র ত্যাগ বন্ধে প্রশাসনিক নজরদারি বাড়ানো, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
নগরবাসীর প্রশ্ন, যে মাঠে নতুন প্রজন্মের স্বপ্ন গড়ে ওঠার কথা, সেটি কেন মলমূত্র ত্যাগ ও আবর্জনার ভাগাড়ে পরিণত হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতায় ঐতিহ্যবাহী এই মাঠের অস্তিত্ব ও ব্যবহারযোগ্যতা এখন সংকটের মুখে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে খেলাধুলার ঐতিহ্য হারানোর পাশাপাশি মাঠটি ক্রমেই অপরিচ্ছন্ন জনসমাগমস্থলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
মাঠটি রক্ষায় সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসী।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে সিটি করপোরেশনের কিছু কাজ করার কথা রয়েছে। তাই এখনই কিছু বলতে পারছি না। বিষয়টি জেনে আগামীকাল জানাবেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা জানিয়ে ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি বলেন, ভাইস প্রিন্সিপালের বাসা মাঠের কাছেই।
পরে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জামশেদ সুমনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এ ছাড়া তাঁর মোবাইল নম্বরে খুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
অন্যদিকে, এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তাঁর দায়িত্বের আওতায় নয়।

























