
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা শীলছড়িতে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শীলছড়ি এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুর্গম এলাকার শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল মামুন।
ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অনেক মানুষ দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা মেকি চাকমা বলেন, আমাদের এলাকায় চিকিৎসার জন্য দূরে যেতে হয়। এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি। বিজিবির এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।
আরেক সেবাগ্রহীতা বিজয় চাকমা বলেন, দুর্গম এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারের। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় এলাকার সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু রাখার আশা করি।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

























