
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজার জেলার সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনের সমন্বয়ে ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে জননিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহের শুরুতে কক্সবাজার জেলায় এক প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানা গিয়েছিল। পরবর্তী সময়ে নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যের সংখ্যা বাড়িয়ে সাত প্লাটুন করা হয়েছে।
কক্সবাজারের রামু সেক্টরের অধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে রামুতে পৃথকভাবে এক প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। জেলা পর্যায়ে সাত প্লাটুন সদস্য মোতায়েনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল, নজরদারি এবং সংবেদনশীল এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি।
এ ছাড়া মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

























