
বিনোদন ডেস্ক,
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মনে করেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই কাউকে ছেড়ে দেওয়া নয়; অনেক সময় এটি নিজের মানসিক শান্তি, আত্মসম্মান ও পরিচয় রক্ষার প্রয়োজনীয় সিদ্ধান্ত।
শুক্রবার (১৪ আগস্ট) ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সম্পর্কের টানাপোড়েন, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।
প্রভা লেখেন, একসময় অর্থবহ কোনো সম্পর্ক যখন ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে, তখন সেই সম্পর্ক থেকে সরে আসা নিজের কাছে সত্য স্বীকার করার মতোই।
তিনি বলেন, ভালোবাসার বিনিময়ে মানসিক শান্তি, আত্মপরিচয় কিংবা সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। কেউ নিজের প্রয়োজনের সময় পাশে থাকলেও যদি প্রতিনিয়ত আপনাকে নিঃশেষ করে দেয়, তবে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা জরুরি।
প্রভার ভাষ্য অনুযায়ী, পরিবারের মধ্যেও এমন মানুষ থাকতে পারেন, যারা সীমা অতিক্রম করেন কিংবা পাশে থেকেও একজনকে একাকিত্বের অনুভূতি দেন। পরিবর্তনের আশায় দীর্ঘদিন চেষ্টা করতে গিয়ে অনেক সময় মানুষ নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন।
অভিনেত্রী মনে করেন, জীবন থেকে কোনো সম্পর্ক বা পরিস্থিতি সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। বরং মিথ্যা ভান না করে সত্যকে গ্রহণ করা এবং নীরব কষ্টের চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া সাহসের বিষয়।
তিনি আরও বলেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পেতে হয়, সেখানে নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখান থেকে বেরিয়ে আসাই কখনো কখনো নিজের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
প্রভার মতে, সম্পর্ক বা কোনো পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। কখনো কখনো ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে।

























