
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে দেবরসহ তার সহযোগীরা নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দেবর আলাল নিয়েয়াসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা।
নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে তিন মেয়ে রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, আমলাবো এলাকার বাবুল মীর তার জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে সীমানা নিয়ে বাবুল মীরের আপন ভাই আলাল মিয়া বাধা দিয়ে আসছেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার সাথে তর্ক বিতর্ক ও বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে আলাল মিয়া, জ্যোৎস্না বেগম, শাকিল মিয়া ও হাসানসহ ৫/৬ জন মিলে নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে নাসিমা বেগমকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই মামলার অজু করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

























