
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি ১৮৪ ভোট পেয়েছেন। এ ছাড়া সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ছয়টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯৭ জন। তাঁদের মধ্যে ৩৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সদস্য পদে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়া অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ এবং ফতেহ মোহাম্মদ রেজা ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নীরব রায়হান ১১০, মো. হারুনুর রশিদ খান ৯১ এবং মোহাম্মদ নাজমুল হক ৮৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে সেক্রেটারি পদে প্রত্যেক ভোটার একটি করে এবং সদস্য পদে পাঁচটি করে ভোট দেওয়ার সুযোগ পান।

























