
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি মোঃ ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।
শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফ উপজেলার মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এসআরবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল জানতে পারে, টেকনাফ মডেল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিঠাপানিরছড়া এলাকায় অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করে বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ইদ্রিস (৪০) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। তিনি টেকনাফ মডেল থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বোন হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


























