
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় ধান কাটার যন্ত্রের আঘাতে আহত একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাধাছড়া এলাকায় ধানখেতের আইল থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে সেটির চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাধাছড়া এলাকায় ধান কাটার যন্ত্রের আঘাতে গন্ধগোকুলটি আহত হয়ে অসুস্থ অবস্থায় ধানখেতের আইলে পড়ে ছিল। এ সময় মধ্য বোয়ালখালী এলাকার কয়েকজন যুবক সেটিকে দেখতে পান। পরে তাঁরা প্রাণীটিকে উদ্ধার করে মধ্য বোয়ালখালী বাজারে নিয়ে আসেন এবং স্থানীয় সাংবাদিক মোঃ হাচান আল মামুনের মাধ্যমে বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে গন্ধগোকুলটি উদ্ধার করেন। পরে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, গন্ধগোকুলটি বেশ অসুস্থ অবস্থায় রয়েছে। আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সহকারী বন সংরক্ষক মোঃ তবিবুর রহমান, মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ জাফর উল্লাহ, সহকারী রেঞ্জ কর্মকর্তা নাজমুল কবির, ফরেস্ট গার্ড (এফজি) আলমগীর হোসেনসহ বন বিভাগের কর্মীরা।
বন্যপ্রাণীটি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, ধান কাটার মৌসুমে যন্ত্রের ব্যবহারে জমিতে আশ্রয় নেওয়া বন্যপ্রাণী আহত হওয়ার ঝুঁকি থাকে। তাই ফসল কাটার আগে জমি ও আশপাশে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

























