
বিনোদন ডেস্ক,
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহাজিদের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়েছে।
সিনেমাটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো অনুষ্ঠিত হবে। একটি প্রদর্শনী দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। এছাড়া সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ শাখাতেও প্রতিদিন দুটি শো রাখা হয়েছে।
এ ছাড়া যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপেও সিনেমাটি মুক্তি পেয়েছে।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে ‘মাস্তুল’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে চলচ্চিত্রটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের প্রশংসা করেন চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে কেন্দ্র করে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।
এর আগে ‘মাস্তুল’ ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় এবং সেখানে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।

























