
তৌহিদ বেলাল,
বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই দুটি নৌকা ডুবে ৫০০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আইওএম এবং ইউএনএইচসিআর এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, গত জুন মাসের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের বঙ্গোপসাগর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল নৌকা দুটি। সেগুলোতে ৫১০ জনের বেশি যাত্রী ছিলো। একটি নৌকায় ২৫০ জন এবং অন্যটিতে ২৬০ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গাও ছিলেন।
জুন মাসের শেষে যাত্রা শুরু করার প্রায় ২ সপ্তাহ পর গত ৮ জুলাই মিয়ানমারের ইরাওয়াদি উপকূলে নৌকা দু’টি ডুবে যায়।
জানা গেছে, মিয়ানমারের ইরাওয়াদি উপকূলে পৌঁছার পরে নৌকা দু’টি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং প্রথমে ডুবে ২৫০ জন যাত্রীবাহী নৌকাটি। তার কিছু সময় পরে দ্বিতীয় নৌকাটিও ডুবে যায় সাগরে।
এদিকে দুর্ঘটনায় ডুবে যাওয়া দুটি নৌকা থেকে এখন পর্যন্ত কোনো যাত্রী জীবিত উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত থাকায় রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

























