
কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সাজ্জাত নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১২ জুলাই (রোববার) বিকেলে শহরের ডলফিন মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিল কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাজ্জাত বিনতে ইমতিয়াজ। পথে কলাতলী উঠনি এলাকায় পৌঁছালে অপরিচিত কয়েকজন লোক একটি সিএনজি অটোরিকশায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরিবারের দাবি, অটোরিকশাটিতে চালকসহ পাঁচজন লোক ছিলো। অপহরণের পর তারা সাজ্জাতকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম ও হাতে আঘাত করে রক্তাক্ত করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক দেড়টার দিকে অপহরণকারীরা সাজ্জাতকে মেরিন ড্রাইভ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত প্রায় ৩টার দিকে আহত অবস্থায় সাজ্জাত কোনো মতে নিজ বাসায় পৌঁছায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী স্কুলছাত্র সাজ্জাতের পিতা মুহাম্মদ হোসেন সুমন।

























