
চট্টগ্রাম ব্যুরো:
নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চালু করেছে ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি আধুনিক ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ও ম্যানেজমেন্ট সিস্টেম। মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নির্মিত এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ জানাতে এবং সেবার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম প্রায় ৬০ লাখ মানুষের আবাসস্থল।
৪১টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা এ মহানগরের নাগরিক সেবাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাপটির মাধ্যমে নাগরিকরা মোবাইল ফোনে ছবি তুলে ভাঙা বা গর্তযুক্ত রাস্তা, খোলা ম্যানহোল, জলাবদ্ধতা, মশার উপদ্রব, আবর্জনা, নষ্ট সড়কবাতি, নর্দমার সমস্যা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমস্যা সহজেই জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে জিপিএস লোকেশন যুক্ত হবে। এরপর সমস্যার ধরন নির্বাচন করে সংক্ষিপ্ত বর্ণনা দিলেই অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে যাবে।
এছাড়া ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর তথ্যও অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা যাবে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় স্প্রে কার্যক্রম, সচেতনতামূলক প্রচার, ওয়ার্ডভিত্তিক ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্ত এলাকার আশপাশে মশার প্রজননস্থল শনাক্ত ও নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করবে।
চসিক সূত্র জানায়, প্রতিটি অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছাবে। নাগরিকরা অভিযোগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন এবং সমস্যা সমাধানের পর সেবার মান সম্পর্কে রেটিং ও মতামত দেওয়ার সুযোগও পাবেন।
অ্যাপটিতে দুর্যোগ সতর্কতা, চসিকের গুরুত্বপূর্ণ নোটিশ, বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচন, সার্চ সুবিধা, নগরের সমস্যা সংক্রান্ত পরিসংখ্যান, নাগরিক মতামত জরিপ, জরুরি নম্বর ও হেল্পলাইন, ইমার্জেন্সি লোকেশন শেয়ার, বিভিন্ন নাগরিক সেবার তালিকা এবং “চট্টগ্রাম প্রতিদিন” বিভাগে সিটি কর্পোরেশনের বিভিন্ন অনুষ্ঠান, সভা, কর্মসূচি ও আবহাওয়ার তথ্য যুক্ত করা হয়েছে।
এছাড়া নিকটবর্তী হাসপাতাল, করোনা টিকাকেন্দ্র, বাসস্ট্যান্ড, পুলিশ স্টেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিস, বিভাগীয় প্রধান ও কাউন্সিলরদের যোগাযোগের তথ্য এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের লিংকও অ্যাপে সংযুক্ত রয়েছে। নাগরিকদের জন্য মাননীয় মেয়রের সঙ্গে সরাসরি চ্যাটের মাধ্যমে সেবা গ্রহণের সুবিধাও রাখা হয়েছে।
চসিকের কর্মকর্তাদের জন্য পৃথক একটি ডিজিটাল ড্যাশবোর্ডে কোন ওয়ার্ডে কতটি অভিযোগ এসেছে, কোন কর্মকর্তা কত দ্রুত তা নিষ্পত্তি করছেন–এসব তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মূল লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে প্রতিটি সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া।

























