
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘ ৩১ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার দুই দিন পর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কূপটির জরিপ ও স্থায়ীভাবে বন্ধের কাজ চলাকালে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালামের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান এবং রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন।
জানা গেছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে উচ্চচাপে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে আগুন ধরে যায়। এরপর টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকে কূপটির আগুন।
দীর্ঘ প্রচেষ্টার পর গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল কূপের মুখে কেসিং পাইপ স্থাপন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর রোববার কূপটির অবস্থা পর্যবেক্ষণে জরিপ ও স্থায়ীভাবে বন্ধের কাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে এসে বাপেক্সের সাত কর্মকর্তা-কর্মচারীকে দগ্ধ করে।
দীর্ঘদিনের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর নতুন করে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

























