
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির কাঠামোও থাকতে হবে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নরকে এমন পরিবেশ দিতে হবে, যাতে রাজনৈতিক বা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই তিনি নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন। তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়। দায়িত্ব পালনের স্বাধীনতার পাশাপাশি তার কর্মকাণ্ডের জন্য কার্যকর জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয় কিংবা পদমর্যাদার পরিবর্তে পেশাগত দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারত্ব নিশ্চিত করার আহ্বান জানান।
ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক এ গভর্নর বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে অকার্যকর ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে। এতে আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।
তবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্যাংকিং খাত সংস্কারে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, কার্যকর আইন, স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক, স্বচ্ছ পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়েই এ খাতের কাঠামোগত দুর্বলতা দূর করা সম্ভব।
অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ২০০৪ সালে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির ঋণস্থিতি ও খেলাপি ঋণের পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তবে ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান।
তিনি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব ও পরিচালনা পর্ষদের চাপ ব্যাংকটির এমন পরিস্থিতির অন্যতম কারণ। খেলাপি ঋণের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছালে তা থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। তাই ঋণ বিতরণের শুরুতেই অনিয়ম প্রতিরোধ, ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই এবং ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আরও বলেন, ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। এ অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইচ্ছেমতো ঋণ নিয়ে খেলাপি হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণের প্রবণতা বন্ধ করতে হবে। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর যে প্রভাব পড়ে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
শিল্প খাতের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আগে বাজারের চাহিদা, উৎপাদন সক্ষমতা, শ্রমিকদের দক্ষতা ও প্রতিষ্ঠানের কার্যকারিতা যাচাই করা জরুরি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকর শিল্পনীতি, দক্ষতা উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।
দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটিতে ব্যাংক একীভূতকরণ ও শাখার সংখ্যা কমিয়ে পরিচালন ব্যয় হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশেও একীভূত ব্যাংকগুলোর ক্ষেত্রে একই ভবনে একাধিক ব্যাংকের শাখা পরিচালনার পরিবর্তে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে সেবার মান ও কার্যকারিতা বাড়বে।
গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত বিশেষজ্ঞ অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

























