
মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা প্রতিনিধি,
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সকাল থেকেই গাইবান্ধা জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জেলার কৃষকদের মাঝে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে। মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় সময়মতো তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটার কাজ চলছে। অনেক কৃষক জমিতে ধান কেটে শুকানোর বা আঁটি বাঁধার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় মাঠে পড়ে থাকা পাকা ধান ভিজে যাচ্ছে। এতে ধানের রঙ নষ্ট হওয়া, চিটা হওয়া কিংবা মাঠেই অঙ্কুরোদগম হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
একদিকে অব্যাহত বৃষ্টির শঙ্কা, অন্যদিকে সারাবছরের কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ার ভয়—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। স্থানীয় কয়েকজন কৃষক জানান, সারাবছরের শ্রম, বিনিয়োগ আর স্বপ্ন নির্ভর করে এই ফসলের ওপর। এমন সময় বৈরী আবহাওয়া তাদের সেই স্বপ্নে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। ধান দ্রুত ঘরে তুলতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা তাদের।
বৈরী আবহাওয়া ও প্রকৃতির কাছে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন জেলার কৃষকরা। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হোক এবং ভেজা ও কাটা পাকা ধান নিরাপদে ঘরে তোলা সম্ভব হোক এমন প্রত্যাশাই এখন গাইবান্ধার কৃষকদের।

























